ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, হামাসের সশস্ত্র শাখার আর্থিক কর্মকর্তা আবদেল হাই জাকুত ১৩ ডিসেম্বর নিহত হন। একই হামলায় হামাসের সামরিক কমান্ডার রায়েদ সাদও নিহত হন, যাকে ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে দেখে।
ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অ্যাভিচাই আদরাই বুধবার বলেন, জাকুত রায়েদ সাদের সঙ্গে একটি গাড়িতে থাকা অবস্থায় নিহত হন।এই হামলাটি ‘ইসরায়েলি সেনাবাহিনী ও শীন বেটের যৌথ অভিযানে’ চালানো হয়।আদরাই এক্সে লিখেছেন, জাকুত হামাসের সশস্ত্র শাখার ‘আর্থিক বিভাগের সদস্য’ ছিলেন।
এই যুদ্ধের সূত্রপাত হয় ২০২৩ সালে হামাসের ইসরায়েল আক্রমণের মাধ্যমে, যাতে সরকারি হিসাবের ভিত্তিতে এএফপির হিসাবে এক হাজার ২০০–এরও বেশি মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
এর জবাবে ইসরায়েলের সামরিক অভিযানে গাজা উপত্যকায় ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে হামাস-শাসিত এলাকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।