সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) গেছেন। তিনি গান গাইতে অবশ্য যাননি। শিশু-কিশোরদের প্রতিভা খোঁজার জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-তে অংশ নেন।
এ বিষয়টি সর্বপ্রথম জানিয়েছেন গায়ক সোহেল মেহেদী। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে আসিফ আকবরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। পোস্টে সোহেল মেহেদী লিখেছেন, দীর্ঘ সময় পর আজ আসিফ ভাই গেলেন বিটিভিতে। সেই যে ‘ও প্রিয়া তুমি কোথায়’ থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় গান প্রথম প্রচারিত হয়েছিল এই বিটিভিতেই। তিনি বলেন, আসিফ ভাইকে দেড় যুগেরও বেশি সময় বিটিভিতে গান গাইতে দেওয়া হয়নি।
সোহেল মেহেদী বলেন, আমাকেও গান গাইতে দেওয়া হয়নি। তবে পটপরিবর্তনের পর আমি কিছু অনুষ্ঠানে গান করেছি, আর আসিফ ভাই গেলেন আজ প্রথমবার। যদি নতুন কুঁড়ি না হতো, তিনি হয়তো যেতেন না। বিটিভির জিএমের আন্তরিক অনুরোধ তিনি ফিরিয়ে দিতে পারেননি।
এ সংগীতশিল্পী বলেন, আসিফ আকবরকে দেখে বিটিভির কর্মী, শিশু প্রতিযোগী ও অভিভাবকরা সবাই আনন্দে ভরে ওঠেন। এ শিল্পীকে পেয়ে যেন বিটিভি প্রাণ ফিরে পায়।উল্লেখ্য, প্রায় দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনে আবার ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান চালু করা হয়েছে।