অপ্রতিম হত্যাকাণ্ড কুবিতে সাধারণ ছুটি, ক্লাস-পরীক্ষা স্থগিত
Syed Asaduzzaman
/ ৭
ভিউ:
হালনাগাদ:
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার করুন:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আজ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অপ্রতিমের হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও স্তব্ধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় পরিবার এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ নোটিশের মাধ্যমে জানাবে।
এর আগে শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি গহিন জঙ্গল থেকে ১৩ বছর বয়সী অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে কোটবাড়ী এলাকার বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়।
পরে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে পুলিশ। অপ্রতিমের মরদেহ ময়নাতদন্ত শেষে আজ শনিবার রাত ৮টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।