এইচ এম মাহমুদ হাসান : রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি চোরাই বাইসাইকেলসহ মো. মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১টা ১৫ মিনিটে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডসংলগ্ন ৮ নম্বর বাজারের নিচতলার পার্কিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেফতার করে। তিনি কুমিল্লার লালমাই থানার গুচ্ছি এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার দক্ষিণখানের ফরিদ মার্কেট এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেফতার মনির হোসেনের হেফাজত থেকে ফিনিক্স, আকিজ, রিফ্লেক্স, কোর, ড্রোন, সেক্টর-০২, প্রিন্স, হিরো, পেলিক্যান, ফরএভার, কিসেলসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৭টি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় পেনাল কোডের ৪১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৬। বর্তমানে আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ খালিদ মনসুর বলেন, বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি বাইসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, চুরি ও অপরাধ দমনে উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।