ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর তিন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারত সরকার। একই ঘটনায় জাহাজটির ২১ জন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, পালাউয়ের পতাকাবাহী ‘সেত্তেবেলো’ নামের জাহাজটিকে মার্কিন বাহিনীর নির্দেশনা মানতে একাধিকবার অনুরোধ করা হয়েছিল। তবে নাবিকরা তা উপেক্ষা করেন বলে দাবি করা হয়। এরপর একটি মার্কিন বিমান থেকে জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে ‘নির্ভুল নিশানাযুক্ত গোলা’ নিক্ষেপ করা হয়।
ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার পর তিনজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। পাশাপাশি এ ঘটনায় বেসামরিক নৌযান ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে সেন্টকম দাবি করেছে, চলমান পরিস্থিতিতে ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচলের ওপর অবরোধ আরোপের পর থেকে তারা একাধিক অভিযান চালিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আটটি জাহাজ অচল করা হয়েছে এবং আরও ১৩৪টি জাহাজের রুট পরিবর্তন করা হয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে চলতি সপ্তাহে একই ধরনের আরেকটি ঘটনায় পালাউ পতাকাবাহী একটি তেল ট্যাংকারে হামলা হলে সব ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। ওই ঘটনায়ও মার্কিন বাহিনীর নির্দেশনা অমান্য করার অভিযোগ আনা হয়।