ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন করছেন মোবাইল বিক্রেতারা। আজ রবিবার সকাল ৯টার দিকে এই মানববন্ধন শুরু করেন তারা।
মোবাইল বিক্রেতাদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবি জানাচ্ছেন তারা।তারা বলছেন, সরকারকে তারাও ভ্যাট দিয়ে ব্যবসা করতে চান। তবে ভ্যাট কমিয়ে বৈধভাবে তাদের ব্যবসা করার সুযোগ দিতে হবে।এক মোবাইল বিক্রেতা বলেন, ‘আনঅফিসিয়াল বা গ্রে মার্কেটের সঙ্গে প্রায় ২৫ হাজার ব্যবসায়ী জড়িত। আজকে হঠাৎ করে আমাদের ব্যবসা বন্ধ করে দিলে আমরা কোথায় যাব? আমরা কর না দেওয়ার পক্ষে না; আমরা ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই।
প্রসঙ্গত, আজ রবিবার ঢাকাসহ সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। গতকাল দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আজ সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও স্থানীয় ব্যবসায়ীরা রাস্তায় নামবেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..