খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম : খুলনা নগরীতে একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে বাড়ছে ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা। এবার নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন ওষুধ ব্যবসায়ীরা। নির্ধারিত সময়ের মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে নগরীর সব ফার্মেসি বন্ধসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) খুলনাস্থ সাধারণ কেমিস্টদের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চাঁদাবাজির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন, ওষুধ ব্যবসা শুধু মুনাফাভিত্তিক কোনো বাণিজ্য নয়; এটি সরাসরি মানুষের জীবন ও স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এমনকি জরুরি প্রয়োজনে রাতের যেকোনো সময় রোগীদের ওষুধ সরবরাহ করেন ফার্মেসি ব্যবসায়ীরা। কিন্তু চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রাণনাশের হুমকির অভিযোগে তাঁদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ, নগরীর টুটপাড়া, রূপসা স্ট্যান্ড রোড, মল্লিক ব্রাদার্স এলাকাসহ বিভিন্ন স্থানে ফার্মেসি মালিকদের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে আরও বেশি অর্থ দাবি এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।
এর আগে গত ২৯ অক্টোবর চাঁদা দাবি ও হুমকির অভিযোগে টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে ৯ নভেম্বর রূপসা স্ট্যান্ড রোডের মেসার্স মল্লিক ব্রাদার্স ফার্মেসিও বন্ধ হয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়। পাশাপাশি রূপসা ট্রাফিক মোড় এলাকায় আরও কয়েকটি ওষুধের দোকান বন্ধ রাখার খবর পাওয়া যায়। এসব ঘটনায় নগরীর ওষুধ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
খুলনা সদর থানা পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার এবং ব্যবসায়ীদের দোকান খোলার আহ্বান জানানোর বিষয়টিও বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, শুধু আশ্বাস নয়, চাঁদাবাজদের শনাক্ত ও গ্রেপ্তার করে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
স্মারকলিপিতে আগামী তিন দিনের মধ্যে চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। অন্যথায় ফার্মেসি বন্ধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ কেমিস্টরা।
ব্যবসায়ীরা আরও জানান, তাঁদের দাবি উপেক্ষিত হলে এর প্রভাব শুধু ওষুধ ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং সাধারণ রোগীদের চিকিৎসাসেবাও ব্যাহত হতে পারে। বিশেষ করে জরুরি ওষুধের জন্য রাতের বেলায় ফার্মেসির ওপর নির্ভরশীল রোগী ও স্বজনেরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন।
উল্লেখ্য, এর আগে খুলনায় হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর এবং চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরাও মানববন্ধন করে প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দেন। ফলে স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের দাবি, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃশ্যমান অভিযান, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।