চীনের হয়ে যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তি, ২ জনের কারাদণ্ড
Asad zaman
/ ৫
ভিউ:
হালনাগাদ:
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
শেয়ার করুন:
যুক্তরাজ্যে বসবাসরত গণতন্ত্রপন্থী হংকং কর্মীদের ওপর নজরদারি চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ব্রিটিশ আদালত। তাদের একজন ব্রিটিশ সীমান্ত বাহিনীর কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার লন্ডনের ওল্ড বেইলি আদালত ৬৬ বছর বয়সী চুং বিউ ওরপে বিল ইউয়েনকে ৮ বছরের এবং ৪১ বছর বয়সী চি লেউং ওয়াই ওরপে পিটার ওয়াইকে ১০ বছরের কারাদণ্ড দেন। তারা দুই জনেই ব্রিটিশ ও চীনা নাগরিকত্বধারী।
গত মাসে তারা বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত হন। আদালতের তথ্যমতে, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত তারা যুক্তরাজ্যে অবস্থানরত প্রভাবশালী গণতন্ত্রপন্থী হংকং ভিন্নমতাবলম্বীদের ওপর নজরদারি চালিয়েছিলেন।
ব্রিটিশ গণমাধ্যমের মতে, যুক্তরাজ্যে চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া প্রথম ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন ইউয়েন ও ওয়াই।ওয়াইয়ের বিরুদ্ধে আরও অভিযোগ ছিল যে তিনি সীমান্ত বাহিনীর কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্বের অপব্যবহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেসে প্রবেশ করেন এবং নজরদারির লক্ষ্যবস্তু ব্যক্তিদের তথ্য সংগ্রহ করেন।
রায় ঘোষণার সময় বিচারক ববি চিমা-গ্রাব বলেন, ‘বর্তমানে যুক্তরাজ্য বিদেশি রাষ্ট্রীয় শক্তির অবিরাম, অভিযোজনক্ষম এবং প্রায়ই গোপন হস্তক্ষেপের মুখোমুখি। ফলে আধুনিক গোয়েন্দা কর্মকাণ্ড শুধু সামরিক বা সরকারি গোপন তথ্য চুরির মধ্যে সীমাবদ্ধ নয়।
বরং এটি নজরদারি, তথ্য সংগ্রহ, ভয়ভীতি প্রদর্শন এবং ভিন্নমতাবলম্বীদের লক্ষ্যবস্তু করার মাধ্যমেও পরিচালিত হতে পারে।’লন্ডন কাউন্টার টেররিজম পুলিশের প্রধান কমান্ডার হেলেন ফ্লানাগান বলেন, অভিযুক্তদের কর্মকাণ্ড ছিল সত্যিই ‘শীতল আতঙ্ক’ সৃষ্টি করার মতো।
তার ভাষায়, ‘তারা যুক্তরাজ্যে অবস্থানরত গণতন্ত্রপন্থী কর্মীদের ওপর গুপ্তচরবৃত্তি করছিল। এসব ব্যক্তি কেবল হংকং ও চীনা সরকারের নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন।’
লন্ডনে অবস্থিত চীনা দূতাবাস মামলাটিকে ‘আইনের অপব্যবহার’ করে পরিচালিত একটি রাজনৈতিক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে।জবাবে ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, বিদেশি প্রভাব ও গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা কঠোর অবস্থান বজায় রাখবে।