দেশের সার্বিক অগ্রগতি, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং খুলনা-২ ও খুলনা-৬ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় খুলনার একটি অভিজাত হোটেলে মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ফাহমিদা হক বলেন, বাংলাদেশ আজ একটি নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করা মানে দেশের মেহনতি মানুষ ও তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে কাজ করা। এজন্য ভেদাভেদ ভুলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সরকারের কল্যাণমুখী রূপকল্প বাস্তবায়ন এবং গণতন্ত্রকে টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হলে সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে।
খুলনা-২ ও খুলনা-৬ আসনের উন্নয়নের রূপরেখা তুলে ধরে ফাহমিদা হক বলেন, দক্ষিণাঞ্চলের অর্থনীতি, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে সুশাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের উন্নয়ননীতি ও কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন। এছাড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সভায় মহানগর বিএনপি ও বিভিন্ন থানা এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান মনি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, খালিশপুর থানা সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবু, দৌলতপুর থানা সভাপতি মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন এবং খানজাহান আলী থানা সভাপতি কাজী মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া মুক্তিযোদ্ধা দল, যুবদল, মহিলা দল, জাসাস, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।
মতবিনিময় সভার শুরুতে খুলনা-২ ও খুলনা-৬ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হককে ফুলেল শুভেচ্ছা জানান মহানগর বিএনপির নেতৃবৃন্দ।