(নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বার্তা দিয়ে মাইকিং করার ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতা ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রচারণায় ব্যবহৃত একটি টমটম অটোরিকশা জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড়ের কাছে ছোট মুল্লুক এলাকায় টমটম অটোরিকশায় মাইকিং করে প্রচারণা চালানো হয়। এতে সাবেক ছাত্র ও যুবনেতা মো. আসলাম টিপুর সমর্থক গোষ্ঠীর ব্যানারে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা প্রচার করা হয়। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
পরে মাইকিংয়ের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ (৪৩)-কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল জলিল সরকারকে (৫০) গ্রেপ্তার করে পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।