খুলনার বহুল আলোচিত আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার প্রধান সন্দেহভাজন মো. আলীম হোসেন আকাশ (৪০)-কে গ্রেপ্তার করেছে র্যাব-৬ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ দল।
শনিবার (১৮ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার বাসিন্দা।
র্যাব-৬ জানায়, গত ৮ জুলাই রাতে দুর্বৃত্তরা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করে তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় খুলনা সদর থানার নারী এসআই (নিঃ) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে মো. আলীম হোসেন আকাশকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয় এবং যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।