ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে আন্তর্জাতিক বস্ত্র ও ফ্যাশন শিল্পের অন্যতম বড় আয়োজন ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস ২০২৫’।সোমবার সকালে প্যারিস শহরের উপকণ্ঠে অবস্থিত প্যারিস-লা বোর্জে আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আন্তর্জাতিক এই মেলায় একত্রিত হয়েছেন বিশ্বব্যাপী ফ্যাব্রিক, পোশাক, অ্যাকসেসরিজ ও সোর্সিং সেক্টরের শীর্ষ প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা।আয়োজক প্রতিষ্ঠান ‘মেসে ফ্রাংকফুর্ট ফ্রান্স’ জানিয়েছে ফ্যাশন ও টেক্সটাইল শিল্পের জন্য এই প্রদর্শনী শুধু ব্যাবসায়িক সুযোগ তৈরিই করে না বরং ভবিষ্যৎ ট্রেন্ড ও টেকসই উৎপাদনের পথও নির্দেশ করে।এবারের আয়োজনে বিশ্বের ৩০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৩০০ প্রতিষ্ঠানের অংশগ্রহণ ঘটছে। প্রদর্শনীতে মূলত পোশাক, কাপড়, চামড়াজাত পণ্য ও আধুনিক প্রযুক্তি স্থান পেয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে চীন, ভারত, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকংসহ শীর্ষ টেক্সটাইল উৎপাদনকারী দেশগুলো। এ ছাড়া বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলোও এবারের মেলায় শামিল হয়েছে।বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাধ্যমে ৬টি এবং বেসরকারি উদ্যোগে ১৩টি মোট ১৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।এবারের প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হলো ২০২৬-২০২৭ সালের শরৎ-শীতকালীন ফ্যাশন সংগ্রহের অনুপ্রেরণামূলক ধারণা। পাশাপাশি টেকসই ফ্যাশন ও পরিবেশবান্ধব উৎপাদন নিয়ে বিশেষ সেশন। ফলে ফ্যাশনশিল্পের ভবিষ্যৎ প্রবণতা ও ব্যাবসায়িক দিকনির্দেশনা পেতে এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফরমে পরিণত হয়েছে।ইউরোপের বৃহৎ এই ফ্যাশন সোর্সিং ইভেন্টে ক্রেতা, ব্র্যান্ড ও ডিজাইনাররা সরাসরি উৎপাদকদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। মেলাটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং প্রবেশে কোনো ফি নেই।







