প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে আলেমদের নিয়োগ দেওয়ার দাবিতে গত শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ শেষে সেখান থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে বৃষ্টির কারণে শেষ হয়।সমাবেশে সভাপতির বক্তৃতায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের ইসলামবিদ্বেষী সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় ও নৈতিক শিক্ষক নিয়োগ দেওয়ার আহবান জানিয়ে বলেন, এ দেশের প্রাথমিক বিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী মুসলিম পরিবারের সন্তান। তারা কোরআন পড়তে পারে না, নামাজ সঠিকভাবে আদায়ের নিয়ম জানে না।ধর্মীয় জ্ঞান না থাকায় সন্তান অবাধ্য হচ্ছে। ফলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ দেশের মুসলমানরা সরকারকে ট্যাক্স দিচ্ছে। রাষ্ট্রের কাজ হচ্ছে মুসলিম সন্তানদের কোরআন শিক্ষা দেওয়া।যে সরকার মুসলমানদের সন্তানকে কোরআন শিক্ষার দায়িত্ব নিতে পারে না, সেই সরকার নাচ-গান শিক্ষার জন্য বাধ্য করবে—তা দেশবাসী মেনে নেবে না। রাষ্ট্রীয় অর্থে নৃত্য ও সংগীত শিক্ষক নিয়োগ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাকে খুশি করতে চায় আমাদের বোধগম্য নয়।সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন খেলাফত আন্দোলনের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী, শাহিনুর আলম চৌধুরী প্রমুখ।
এ ক্যাটাগরির আরো নিউজ..