শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি পরিবার, শিক্ষক ও সমাজের প্রতি শ্রদ্ধাশীল, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের উচ্চশিক্ষায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বৈষম্য না রেখে প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করতে ইউজিসি কাজ করছে।
সোনারগাঁও ইউনিভার্সিটির প্রায় ২০ হাজার প্রাক্তন শিক্ষার্থীর অ্যালামনাই নেটওয়ার্কের প্রশংসা করে ইউজিসি চেয়ারম্যান বলেন, অ্যালামনাই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সম্পদ। বিভিন্ন ক্ষেত্রে সফল প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের যোগাযোগ ও সহযোগিতা শিক্ষার পরিবেশকে আরো সমৃদ্ধ করতে পারে।
সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান, বিশ্ববিদ্যালয়টির ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল সায়েন্সেসের প্রফেসর ড. মো. জামাল উদ্দীন, সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী শিপুসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং নবীন ও কৃতী শিক্ষার্থীরা।