কলকাতার সল্ট লেকে আজ ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় ভারত। প্রথমবারের মতো ৫ বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের মুখোমুখি হবে ভারত।ফুটবল পরাশক্তির বিপক্ষে মুখোমুখি ক্রিকেট পরাশক্তি।
তবে শক্তি-সামর্থ্যে ঢের এগিয়ে থাকলেও ভারতকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল। হালকা না ভাবার পেছনে কাজ করছে ভারতের সর্বশেষ ম্যাচ। ফিফা র্যাংকিংয়ের ৪৪ নম্বরের দল পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভারত।তাই ১৩৮ নম্বরের ভারতের প্রতি সমীহ ৫ নম্বরের ব্রাজিলের।ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এমনটাই জানিয়েছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেছেন, ‘ভারতীয় দলকে আমরা সম্মান করি। তারা পানামার সঙ্গে ড্র করেছে।
প্রতিপক্ষ হিসেবে তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে।’ভারত ক্রিকেটপাগল দেশ সেটা ভালো করে জানেন আনচেলত্তিও। সেই দিকটা মনে করিয়ে তিনি বলেছেন, ‘ক্রিকেট তাদের সংস্কৃতির অংশ। ফুটবল সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা নয়। কিন্তু তারা ফুটবল ভালোবাসে না, এমন নয়।
আমরা এখানে এসে খুশি। যারা ম্যাচটি দেখার সুযোগ পাবে, তাদের সামনে নিজেদের মান দেখাতে চাই। আশা করি, এটি হবে দারুণ এক রাত।’ব্রাজিলের বিপক্ষে দারুণ কিছু করার আশা ভারতেরও। কোচ খালিদ জামিল বলেছেন, ‘ম্যাচে চাপ থাকবে। তবে সেটি সামলাতে হবে। দায়িত্ব নিতে হবে। নিজের সেরাটা দিতে পারলে, যেকোনো কিছুই সম্ভব।’