মাছের উৎপাদন বাড়ানো, নদী-খালের নাব্যতা ফিরিয়ে আনা ও দূষণ রোধে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল পুকুরে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গভীর সমুদ্রে মাছ আহরণের পাশাপাশি মিঠাপানির মাছ রপ্তানির জন্যও সরকার কাজ করছে। মৎস্য খাতের আরো উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগ এ পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করে।এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, মৎস্য খাতের উন্নয়ন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের নেওয়া উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক।আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ওয়াহিদা হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক রোকেয়া আক্তার। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা অনুষ্ঠানে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..