মানুষের জীবনে এমন কিছু গুনাহ আছে, যা ক্ষুদ্র মনে হলেও আখিরাতে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আবার এমন কিছু পবিত্র অবস্থাও আছে, যা বান্দাকে মৃত্যুর মুহূর্তেই জান্নাতের সুসংবাদপ্রাপ্তদের দলভুক্ত করে দেয়। নিচের হাদিসটি এমনই একটি মৌলিক উপদেশ—যা তিনটি ক্ষতিকর বৈশিষ্ট্য থেকে দূরে থাকার মাধ্যমে জান্নাতের নিশ্চয়তার ইঙ্গিত বহন করে-
عَنْ ثَوْبَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلى اللهُ عَلَيْهِ وَسَلَّم “ مَنْ مَاتَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلاَثٍ الْكِبْرِ وَالْغُلُولِ وَالدَّيْنِ دَخَلَ الْجَنَّةَ ”
সাওবান (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক তিনটি বিষয়ে অর্থাৎ অহংকার, গানীমাতের সম্পদ আত্মসাৎ ও ঋণ হতে মুক্ত অবস্থায় মারা গেল সে জান্নাতে প্রবেশ করবে। (তিরমিজি, হাদিস :১৫৭২)
হাদিসের মৌলিক বার্তা
মানুষের সমগ্র জীবনই মূলত এমন এক নৈতিক যাত্রা; যেখানে তার চরিত্র, সততা, দায়িত্ববোধ এবং আত্মসম্মান সবকিছু মিলিয়ে ব্যক্তির পরিণতি নির্ধারিত হয়।ইসলামী শরিয়ত প্রত্যেক মানুষের অন্তর, আচরণ ও আমলকে পরিশুদ্ধ করার জন্য কিছু অপরিহার্য নীতি তুলে ধরেছে। সাওবান (রা.)–এর বর্ণিত এই হাদিসটিও সেই আদর্শিক নির্দেশনারই অংশ, যেখানে মহনবী (সা.) মানুষের জীবনের তিনটি সবচেয়ে বিপজ্জনক দোষ থেকে মুক্ত থাকার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছেন।এ তিনটি দোষ সাধারণ মনে হলেও সেগুলো মানুষের নৈতিক কাঠামোকে ধ্বংস করে দিতে সক্ষম। তাই হাদিসটি শুধু একটি নিষেধ–নির্দেশ নয়; বরং মানবজীবনের নৈতিক রূপরেখাও বটে।







