মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিল শেষে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হন।
বিক্ষোভ চলাকালে ‘জামাত-শিবির, জামাত-শিবির, গুপ্ত-গুপ্ত’, ‘জামাত-শিবিরের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বিভিন্ন ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের হামলার অভিযোগ তুলে বলেন, ‘বাংলাদেশের কোনো ক্যাম্পাসে যদি আপনারা এধরনের কোনো হামলার পুনরাবৃত্তি করতে চান, কোনো ক্যাম্পাসে যদি আপনারা দুঃসাহস দেখান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আরেকজন নেতাকর্মীও আপনাদের ক্যাম্পাসে স্বাভাবিকভাবে চলতে ফিরতে দিবে না।’
নাসির সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের হামলার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সন্ত্রাসবিরোধী প্রতিরোধ গড়ে তোলা হবে।সমাবেশে ছাত্রশিবিরের অতীত কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করা হয় এবং সাম্প্রতিক কিছু রাজনৈতিক বক্তব্য টেনে জামায়াত নেতাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলা হয়।
এসময় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাবি কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূঁইয়া ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন এবং সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ।