আগামী রবিবার (১২ জুলাই) দুপুর ১টায় সিডনির লেকেম্বার ৫১ রেলওয়ে প্যারেডে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।এতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনকের সভাপতি মো. জাহেদুল হক চৌধুরী বলেন, ড. অরূপ রতন চৌধুরী চিকিৎসা, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি ও জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো এবং তাকে সম্মান জানানোই এ আয়োজনের উদ্দেশ্য।
জানা যায়, ১৯৫২ সালের ২৩ জানুয়ারি সিলেটের বিশ্বনাথ উপজেলায় জন্ম নেওয়া অরূপ রতন চৌধুরী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেন।তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিক ও কণ্ঠশিল্পী হিসেবেও ভূমিকা রাখেন।
ঢাকা ডেন্টাল কলেজ থেকে দন্ত চিকিৎসাশাস্ত্রে স্নাতক সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি লন্ডন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট স্টোনি ব্রুক এবং ইংল্যান্ডের রয়েল কলেজ অব সার্জনস থেকে উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপ লাভ করেন।
বর্তমানে তিনি বারডেম জেনারেল হাসপাতালের ডেন্টিস্ট্রি বিভাগের প্রধান ও সাম্মানিক সিনিয়র কনসালটেন্ট এবং ইব্রাহিম কার্ডিয়াক মেডিক্যাল কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।