বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, ‘সোনালী কাবিন’ খ্যাত আল মাহমুদের জন্মবার্ষিকী আজ শনিবার। বহুমাত্রিক কাব্যভাষা, লোকজ ঐতিহ্য ও গ্রামীণ জীবনচিত্রের অনন্য শিল্পরূপের মাধ্যমে তিনি বাংলা কবিতায় নিজস্ব ধারা নির্মাণ করে গেছেন।
শিশুসাহিত্যিক ও সাংবাদিক হিসাবেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার উলে্লখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘পানকেৌড়ির রক্ত’, ‘কবি ও কোলাহল’ এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘কাবিলের বোন’।
জন্মবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ তিন দিনব্যাপী স্মরণোত্সবের আয়োজন করেছে। আজ আলোচনা সভা, কবিতা পাঠ, স্মৃতিচারণ, সংগীতায়োজন, পদক প্রদান এবং সাহিত্যবিষয়ক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উত্সবের সমাপনী হবে।
বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আল মাহমুদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত হন। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি ইহলোক ত্যাগ করেন।
সোনালী কাবিন পদক পাচ্ছেন কবি আবদুল হাই শিকদার
বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ দেওয়া হচ্ছে। আজ অনুষ্ঠানের সমাপনী আয়োজনে এই পদক তুলে দেওয়ার কথা রয়েছে।