মানব ইতিহাসে এমন কিছু ঘটনা আছে, যা শুধু গল্প নয়—বরং ঈমানের জীবন্ত উদাহরণ। সুরা কাহাফ-এ বর্ণিত ‘আসহাবে কাহাফ’-এর ঘটনা তেমনই এক বিস্ময়কর কাহিনী, যেখানে একদল তরুণ দুনিয়ার সবকিছু ত্যাগ করে সত্যকে আঁকড়ে ধরেছিল, আর আল্লাহ তাদের জন্য খুলে দিয়েছিলেন এক আশ্চর্য রহমতের দ্বার। একসময় এক অত্যাচারী শাসকের রাজ্যে এই যুবকেরা বসবাস করত। চারদিকে ছিল মূর্তিপূজা, অন্যায় আর সত্যের অবমূল্যায়ন।
কিন্তু তাদের অন্তরে জ্বলে উঠেছিল তাওহিদের আলো। তারা সাহসের সঙ্গে ঘোষণা করেছিল— ‘আমাদের প্রতিপালক আসমানসমূহ ও জমিনের প্রতিপালক। আমরা কখনো তাঁর পরিবর্তে অন্য কাউকে ইলাহ বলে ডাকব না…’ (সুরা : কাহাফ, আয়াত : ১৪)
এই ঘোষণা ছিল তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। কারণ সত্য বলার মূল্য দিতে হয়।নির্যাতনের ভয়ে নয়, বরং ঈমান রক্ষার দৃঢ় সংকল্পে তারা শহর ছেড়ে বেরিয়ে পড়ল। পৃথিবীর কোনো নিরাপদ স্থান তাদের জন্য খোলা ছিল না, কিন্তু তাদের ভরসা ছিল একমাত্র আল্লাহর ওপর। অবশেষে তারা একটি নির্জন গুহায় আশ্রয় নিল। সেখানে দাঁড়িয়ে তারা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করল—‘হে আমাদের প্রতিপালক! আমাদের আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করে দিন।
’ (সুরা : কাহাফ, আয়াত : ১০)
এই দোয়া যেন আসমানে পৌঁছে গেল। তারপর যা ঘটল, তা মানব বোধের বাইরে—আল্লাহ তাদের এমন এক গভীর নিদ্রায় তলিয়ে দিলেন, যা স্থায়ী হলো শতাব্দীর পর শতাব্দী। বাইরে সূর্য উঠল-ডুবল, রাজত্ব বদলালো, প্রজন্মের পর প্রজন্ম চলে গেল—কিন্তু তারা রইল আল্লাহর হেফাজতে, শান্ত নিদ্রায়। আল্লাহ তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন— ‘তুমি মনে করতে তারা জাগ্রত, অথচ তারা ছিল নিদ্রায়…’। (সুরা : কাহাফ, আয়াত : ১৮)
এমনকি সূর্যের আলোও তাদের ক্ষতি করতে পারেনি—সবকিছু ছিল নিখুঁতভাবে নিয়ন্ত্রিত।
অবশেষে দীর্ঘ সময় পর তারা জেগে উঠল। নিজেদের মধ্যে প্রশ্ন করল—কতক্ষণ ঘুমিয়েছিল? কেউ বলল, একদিন বা তারও কম! কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ বলেন—
‘তারা তাদের গুহায় তিনশ’ বছর অবস্থান করল, এবং আরও নয় বছর বৃদ্ধি পেল।’ (সুরা : কাহাফ, আয়াত : ২৫)যখন তারা শহরে ফিরে এল, তখন তারা দেখল—সবকিছু বদলে গেছে। সেই সমাজ, যেখানে একসময় তাওহিদের জন্য জীবন দিতে হতো, এখন সেখানে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত। তাদের এই অলৌকিক ঘটনা মানুষের কাছে প্রমাণ হয়ে দাঁড়াল—আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর কিয়ামতও অনিবার্য। এই গল্প আমাদের শুধু অবাক করে না, আমাদের ভেতরকে নাড়া দেয়। এটি শেখায়—সত্যের পথে চলতে গেলে একাকীত্ব আসবে, ত্যাগ করতে হবে, কিন্তু আল্লাহ কখনো তাঁর বান্দাদের ছেড়ে দেন না। তাঁর সাহায্য আসে এমনভাবে, যা কল্পনারও বাইরে।
আসহাবে কাহাফের এই ঘটনা তাই শুধু অতীতের এক বিস্ময় নয়—এটি প্রতিটি যুগের মুমিনদের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা। যখন দুনিয়া অন্ধকারে ঢেকে যায়, তখন এই তরুণদের মতো ঈমানে অটল থাকাই হলো প্রকৃত সফলতা।
এ ক্যাটাগরির আরো নিউজ..