বৃহস্পতিবারের এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক আগ্রাসনের পর গত কয়েক মাসে অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে কাতার যে উদ্যোগ নিয়েছে, সে বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এ ছাড়া হরমুজ প্রণালির মধ্য দিয়ে সাময়িকভাবে একটি যৌথ নৌ-চলাচল করিডর প্রতিষ্ঠার প্রস্তাবিত ধাপভিত্তিক কাঠামো নিয়েও আলোচনা করেন আল থানি ও আরাগচি।
কাতারের প্রধানমন্ত্রী এ সময় প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং আন্তর্জাতিক নৌপথে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।