মানুষ ভুল করে, কারণ ভুল করা তার স্বভাব। কিন্তু বুদ্ধিমান ও ঈমানদার মানুষ ভুল থেকে শিক্ষা নেয়; ভুলের পথে অটল থেকে বিপদে পড়ে না। জীবন যদি একবার কোনো অভিজ্ঞতায় আঘাত পায়, সে অভিজ্ঞতাই পরবর্তী সময়ে তার জন্য শিক্ষা হয়ে দাঁড়ায়। ইসলামের শিক্ষা হলো—একই ভুলে বারবার নিমজ্জিত হওয়া দুর্বল ঈমান ও অজ্ঞতার পরিচয়-
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ “ لاَ يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ ”.
আবু হুরাইরাহ থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন— প্রকৃত মুমিন একই গর্ত থেকে দুবার দংশিত হয় না।
(বুখারি, হাদিস : ৬১৩৩)
হাদিসের ব্যাখ্যা :
রাসুলুল্লাহ (সা.) এই হাদিসের মাধ্যমে মুমিনদের বুদ্ধিমত্তা, সতর্কতা ও আত্মসমালোচনার শিক্ষা দিয়েছেন। অর্থাৎ প্রকৃত ঈমানদার মানুষ একই ভুল বারবার করে না। সে যদি একবার কোনো অভিজ্ঞতা থেকে ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তী সময়ে সতর্ক হয়ে যায়। কোনো গর্তে একবার সাপ দংশন করলে সে আর অমন গর্তে অসতর্ক হয়ে যায় না।এই হাদিস শুধু দুনিয়ার ব্যাপারেই নয়, আত্মিক জীবনের ক্ষেত্রেও সমান প্রযোজ্য। মানুষ যদি কোনো পাপ বা ভুল সিদ্ধান্তের কারণে নৈতিক বা আধ্যাত্মিক ক্ষতির শিকার হয়, তাহলে তার উচিত সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, তাওবাহ করা এবং ভবিষ্যতে সেই পথে না ফেরা।
অতএব, মুমিনের জীবন সব সময় শেখার ও সংশোধনের ধারায় প্রবাহিত হয়। যে ব্যক্তি অতীতের ভুল থেকে শিক্ষা নেয়, আল্লাহ তার জন্য নতুন পথ খুলে দেন।কিন্তু যে বারবার একই ভুলে পতিত হয়, সে নিজের ঈমানকেই দুর্বল করে ফেলে।
এ ক্যাটাগরির আরো নিউজ..