জলির দুই সন্তান—মেয়ে ক্লাস নাইনে, ছেলে ফাইভে। এমির মেয়ে টেনে, ছেলে সিক্সে। আর আমার তিন সন্তান—বড় ছেলে অনার্স প্রথম বর্ষে, মেজো মেয়ে নাইনে, আর পিচ্চি লোটাস।
বয়সের এই মিল থাকায় ওরা মামা-ভাগ্নের দল একটা ভ্যানে চড়ল।
আনন্দ কাকে বলে! পিচ্চি লোটাস তখন তার চাচাতো বোনদের কোলে চড়ে বসেছে। ওরা পরম যত্নে বলছিল, ‘কাকিমা, লোটাস আমাদের কাছেই থাক, আপনি নিশ্চিন্তে বসুন।’
শুরু হলো আমাদের ভ্যানযাত্রা। অগ্রহায়ণ মাসের হালকা বাতাসে শীতের মিষ্টি আমেজ। রাস্তার দুই পাশের চক শুকিয়ে গেছে, কচুরিপানার ফুলে চারপাশটা যেন কেউ বাগান বানিয়ে রেখেছে—হালকা গোলাপি ফুলের এক বিশাল বিছানা। ছোট বাচ্চারা মাটি থেকে শালুক তুলছে, আর কোনো কোনো ডোবার কাদায় নেমে ছোট ছেলেরা মাছ ধরে পাতিলে জমাচ্ছে।
জুমার আজানের সময় মসজিদের সামনে গিয়ে ভ্যান থামল। পাশেই নিহালের শ্বশুরবাড়ি—চারপাশে টিনের বেড়া, মাঝে একটি টিনের দরজা। আমরা মেয়েরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম, আর পুরুষরা সোজা চলে গেল মসজিদে।
বাড়িতে ঢুকতেই দেখা গেল বিশাল প্যান্ডেল। ঠিক যেন বিয়ের দিনের মতো আমেজ! উঠানে টেবিল-চেয়ার পাতা, পাশেই বড় বড় পাতিলে চলছে রান্নার ধুম। ঘরের ভেতর থেকে নিহালের শাশুড়ি বেরিয়ে এসে জড়িয়ে ধরলেন। অসম্ভব অমায়িক মানুষ! নিজের রুমে নিয়ে বললেন, ‘আপা, বোরকা খুলে একটু শান্ত হয়ে বসুন, আমি শরবত আনছি।’
তিনি কথা শেষ করার আগেই নিহালের বউ একটা বড় ট্রেতে শরবতের জগ আর গ্লাস নিয়ে হাজির! সালাম জানিয়ে ট্রে টেবিলে রেখে সেও আমাকে জড়িয়ে ধরল, ‘কাকিমা, আপনি এসেছেন, আমি কী যে খুশি হয়েছি!’
ততক্ষণে অন্য মেয়েরাও বউকে ঘিরে ধরেছে, ‘এত দিন আমাদের ছেড়ে একা কীভাবে ছিলে ভাবি।’
দুপুর গড়াতেই পুরুষরা নামাজ শেষ করে ফিরল। নিহালের শ্বশুর সবাইকে টেবিলে বসালেন। আমাদের মেয়েদের খাওয়ার আয়োজনও হলো একসাথেই। এলাহি কাণ্ড! নদীর তাজা মাছ, হাঁস, মুরগি, গরু, খাসি—কী নেই! সাথে হরেক রকমের পিঠা। খাওয়া শেষে সবাই মিলে চারপাশটা ঘুরে দেখলাম, বিকেলে নদীর পাড় থেকেও ঘুরে এলাম।
সন্ধ্যা নামতেই ফেরার তাড়া শুরু হলো। নিহালের বউয়ের বিদায়ের সময় সে কী কান্না! মনে হচ্ছিল, আজই বুঝি তাকে প্রথমবার বাবারবাড়ি থেকে বিদায় দেওয়া হচ্ছে। আমার নিজের চোখেই পানি চলে এলো। আরে বাবা, নতুন বউ, সে তো কাঁদবেই; কিন্তু আমার অবস্থা দেখো—বিয়ের আঠারো বছর পার হয়ে গেল, আজও বাবারবাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরার সময় চোখ ভিজে যায়!
আসার সময় যে যে ভ্যানে ছিলাম, ফেরার পথেও সেই বহরই বহাল থাকল। তবে রাতের ঠান্ডা বাতাস এড়াতে একটু চাপাচাপি করে বসতে হলো। লোটাস তার আপুদের সাথেই বসল। আমি বললাম, ‘‘মা বাতাসে তো ঠান্ডা লাগবে আর তুমি ঘুমিয়ে যাবে।’ কিন্তু কে শোনে কার কথা! বোনরা কোলের কাছে জড়িয়ে ধরে বলল, ‘ঘুমালে আমরা তো আছি!’
ভ্যান ছাড়ল। চারপাশটা মুহূর্তের মধ্যে কেমন যেন গাঢ অন্ধকারে ঢেকে গেল। ঘড়িতে সবে সন্ধ্যা ছয়টা বেজেছে, অথচ মনে হচ্ছে গভীর রাত! ভ্যানের সামনের ছোট লাইটটা জ্বলছে, আর বাতাসে ঝেঁকে বসল কনকনে কুয়াশা। তখনই লোটাসের কথা মনে হলো—মেয়েটার জন্য তো একটা গরম জামাকাপড়ও আনা হয়নি! আমার নিজের গায়েই কাঁপুনি ধরে গেছে। মনে হলো, তখনই যদি মেয়েটাকে বোরকার ওড়নার ভেতর জড়িয়ে ধরতাম, তবে হয়তো এতটা ঠান্ডা লাগত না।
পথে একে একে জলি, এমি, এমির ননদ ববিসহ অনেকেই নেমে গেল যার যার বাড়ির সামনে। আমরাও ক্লান্ত হয়ে রাতে ঘরে ফিরলাম। লোটাস ততক্ষণে গভীর ঘুমে। বড় মেয়ে লিয়া ওকে কোলে করে ঘরে তুলল। রাতে আর রান্নার ঝামেলা করতে হয়নি, নিহালের শাশুড়ি আসার সময় পরম যত্নে খাবার ভর্তি বড় বক্স দিয়ে দিয়েছিলেন।
পরদিন শনিবার। সকালে নাস্তা সেরে ছেলে-মেয়ে যার যার স্কুল-কলেজে চলে গেল। নিহালের বউকে আমাদের বাড়িতে খাওয়ার দাওয়াত দেওয়া হয়েছে। আমি যখন রান্নাঘরে ব্যস্ত, তখন লোটাসের বাবা বাজার নিয়ে ফিরলেন। দুপুর গড়াতে একে একে সবাই এসে হাজির। জলির পরিবার, এমির পরিরাবার, আর ববির পরিবার। যেহেতু ওরা একসাথেই সব জায়গায় যায়। তাই ওদেরও দাওয়াত করা হয়েছে।
খাওয়া-দাওয়ার পর সবাই যখন যে যার মতো একটু জিরিয়ে নিচ্ছে, তখন লোটাস একা একা পেছনের বারান্দায় মেঝেতে পাটিতে বসে খেলছিল। হঠাৎ জলি সেখানে গিয়ে লোটাসকে এক টান দিয়ে দাঁড় করিয়ে দিল। তারপর তীক্ষ্ণ গলায় একের পর এক প্রশ্ন—‘আমার ছেলের জ্যাকেট কোথায়? কোথায় লুকিয়েছিস বল? কার কাছে দিয়েছিস?’
ছোট্ট মেয়েটা কিছু না বুঝে থরথর করে কাঁপতে শুরু করল। সে তো বাচ্চা, সে কিছু জানেও না—না কোনো জ্যাকেট, না কোনো লুকোচুরি! এমির ননদ আর জামাই পাশের বিছানায় বসে ঘটনাটি দেখে হতবাক হয়ে গেল। তারা এসে জলির হাত থেকে লোটাসকে ছাড়িয়ে নিল, “আরে ও তো বাচ্চা একটা মেয়ে, এত কড়া ভাষায় কথা বলছ কেন? আসার সময় ঠান্ডায় ঘুমিয়ে পড়েছিল, ও তো কিচ্ছু জানে না।’
ওদিকে ঘরের ভেতর বিছানায় এসে লোটাস আর এক মুহূর্তও কথা বলতে পারল না। সোজা বাবার পাশে চুপচাপ শুয়ে কাঁপতে লাগল। মেয়ের গায়ে হাত দিয়ে বাবা আঁতকে উঠলেন—শরীর যেন গরম তাপে পুড়ছে!
আমি কলপাড়ে বসে দুপুরের এঁটো বাসন সব ধুয়ে পরিষ্কার করছি। লোটাসের বাবা এসে বলল, ‘মেয়ের শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে।’ আমি হাতের কাজ দ্রুত শেষ করে মেয়েকে জড়িয়ে ধরতেই সে ভয়ে আমাকে ঝাপটে ধরল।
সন্ধ্যা নামতে না নামতে জ্বর একশ তিন ছাড়াল। মাথায় জলপট্টি দেওয়া হলো। দুই ভাই-বোন মিলে মাথায় পানি ঢালতে লাগল। কিন্তু রাত বাড়ার সাথে সাথে জ্বর গিয়ে ঠেকলো একশ চারে! ঘাবড়ে গিয়ে রাতের বেলাতেই কার্তিক ডাক্তারকে ডেকে আনা হলো। ডাক্তার এসে পালস চেক করে বললেন, ‘বুকে ঠান্ডা বসেনি, মারাত্মক কোনো ভয়ের কারণে জ্বর এসেছে।’
রবিবার সকালে এমির ননদ জামাই এনাম একটা বাচ্চাদের একটি জ্যাকেট হাতে নিয়ে আমাদের বাড়িতে হাজির। আসল ঘটনা খুলে বলল সে।
গতকাল দুপুরে জলির এমন নিষ্ঠুর আচরণ দেখে এনামের মনে খটকা লেগেছিল। সে সোজা চলে যায় ভ্যান গ্যারেজে। যে লোক নয়টা ভ্যান ঠিক করে দিয়েছিল, তাকে বিস্তারিত ঘটনা বলল। সেই লোক নয়জন ভ্যানওয়ালাকে ডাকল, যাদের ভ্যানে গতকালকে আমরা নিহালের শ্বশুরবাড়ি যাই। তারা সব শোনার পর একজন জানায়, জ্যাকটটা সেদিন তার ভ্যানের সিটের রডের সাথে ছিল। সে রাতে ভেবেছে তার গামছা। সকালে দেখে ছোট জ্যাকেট। সে সেটা তার কাছেই রেখেছে। তবে বুঝতে পারেনি কার। কারণ এরপর অনেক মানুষই সেই রাতে ভ্যানে ওঠে।
বড় জায়ের মেজো মেয়ে আর ছোট মেয়ের কাছে শুনলাম, ভ্যানের সামনে বসেছিল ফারিন ও চুমকি। ওরা দুজন একটু পাশাপাশি বসে লোটাসকে ওদের পিঠের সাথে হেলান দিয়ে ভ্যানের মাঝে বসিয়েছিল। যাতে বাতাস গায়ে না লাগে, আর ধরে বসেছিল। জলির ছেলেমেয়েরা ওই একই ভ্যানে গাদাগাদি করে বসেছিল।
ভ্যান ছাড়তেই বাতাসে লোটাসের শীত লাগে। তখন ওর পিঠের ওপর জলির মেয়ে ওর ভাইয়ের জ্যাকেটটা দিয়ে দেয়। লোটাস ঘুমিয়ে গেলে পিঠের ওপর থেকে জ্যাকেটটি পড়ে যায়। সেই জ্যাকেট হারানোর ক্ষোভেই জলি একটি চার বছরের নিষ্পাপ শিশুর ওপর চড়াও হয়েছিল।
একটি সামান্য কাপড়ের টুকরো বা জ্যাকেটের জন্য নিজের ছোট্ট মামাতো বোনের সাথে এমন অমানবিক আচরণ আমি কখনোই মেনে নিতে পারিনি।
আজ আমার লোটাস অনেক বড় হয়েছে। নিজের ভাই-বোনের বাচ্চাদের সে ভীষণ আদর করে। কিন্তু সেদিনের পর থেকে জলিকে চোখের সামনে দেখলে লোটাসের মনের কোণে একটি সুপ্ত ঘৃণা আর দীর্ঘশ্বাস জমা হয়। কিছু স্মৃতি সময়ের প্রলেপেও ফিকে হয় না—অগ্রহায়ণের সেই কুয়াশাচ্ছন্ন রাতের মতো তা আজীবন মনে থেকে যায়।