উপমহাদেশের রাগ ও শাস্ত্রীয় সঙ্গীতের মহাসাধক, বিশ্ব বরেণ্য সঙ্গীতাচার্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত ‘সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন’-এর ভূমি সুরক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে ‘সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সুরক্ষা কমিটি’র ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সঙ্গীতাঙ্গনের সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য বিভাগের শিক্ষার্থী এবং শহরের বিশিষ্ট নাগরিকেরা অংশ নেন।
সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সুরক্ষা কমিটির আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভূঁইয়া খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন এবং সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৫৫ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেল রোডে ৪৯ শতাংশ জায়গা ক্রয় করেন এবং পরে নিজের নামে এই সঙ্গীতাঙ্গন প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ বছর ধরে প্রতিষ্ঠানটি সরকারি সহায়তায় পরিচালিত হয়ে আসছে, যেখানে স্থানীয় শিশু-কিশোররা নিয়মিত সাংস্কৃতিক শিক্ষা লাভ করছে।
বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি একটি স্বার্থান্বেষী চক্র ভুয়া ও জাল দলিলের মাধ্যমে ঐতিহ্যবাহী এই সঙ্গীতাঙ্গনের ভূমি দখলের অপচেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ও সংস্কৃতির প্রতীক এই প্রতিষ্ঠানের ভূমি কোনোভাবেই কাউকে দখল করতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে এই ভূমিদস্যুদের রুখে দেওয়ার ঘোষণা দেন তারা।
মানববন্ধন থেকে ওস্তাদ আলাউদ্দিন খাঁর এই ঐতিহাসিক সম্পত্তিকে রাষ্ট্রীয় ‘প্রত্নতত্ত্ব সম্পদ’ ঘোষণা করে স্থায়ীভাবে সরকারি নিয়ন্ত্রণে সুরক্ষার দাবি জানানো হয়। একই সাথে জমি রক্ষায় আইনি লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।