কারিগরি ত্রুটিতে ইতালিতে আটকা বিমান, বিশেষ সূচিতে ফিরবে রবিবার
Syed Asaduzzaman
/ ০
ভিউ:
হালনাগাদ:
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ গ্রাউন্ডেড করা হয়েছে। সমস্যা সমাধানের পর আগামীকাল রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে বলে বিমান কর্তৃপক্ষ জানায়।
বিমান সংশ্লিষ্ট সূত্র জানায়, রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে পরিচালিত ‘বিজি-৩০৬’ ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজটির কারিগরি ত্রুটি ধরা পড়ে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উড়োজাহাজটিকে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ (এওজি) ঘোষণা করে বিমানবন্দরে রাখা হয়।
সূত্র আরো জানায়, ত্রুটি নিরসনে ঢাকা থেকে বিশেষজ্ঞ প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ রোমে পাঠানো হচ্ছে। আজ ৮ আগস্ট ঢাকা থেকে ছেড়ে যাওয়া ‘বিজি-৩০৫’ ফ্লাইটে প্রকৌশলী দল ও যন্ত্রাংশ পাঠানো হবে।ফ্লাইটটি রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে।
প্রকৌশলীরা রোমে পৌঁছানোর পর দ্রুত উড়োজাহাজটির মেরামতের কাজ শুরু করবেন। মেরামত সফলভাবে সম্পন্ন হলে পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী আজ ৮ আগস্ট স্থানীয় সময় রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে উড়োজাহাজটি।
অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।একই সঙ্গে যাত্রীদের সার্বক্ষণিক সর্বশেষ তথ্য জানানো হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।