খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) মূল ফটক এলাকায় সংঘটিত মারধরের ঘটনায় জড়িত এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ওই মারধরের ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছে কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ।
কুয়েট জনসংযোগ দপ্তর জানায়, বৃহস্পতিবার বিকেলে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদ মূল ফটক সংলগ্ন এলাকায় একই ব্যাচের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. জহিরুল ইসলামকে মারাত্মকভাবে আঘাত করেন।এতে তিনি আহত হন।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিক তদন্ত পরিচালনা করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।জনসংযোগ বিভাগ আরো জানায়, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা-বিধি ভঙ্গকারী এ ধরনের হিংসাত্মক আচরণের প্রতি কুয়েট কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।শান্তিপূর্ণ ও নিরাপদ শিক্ষা পরিবেশ রক্ষায় প্রশাসন সবসময় সতর্ক বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
ঘটনার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করলে বিধি মোতাবেক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কুয়েট প্রশাসন সমস্ত শিক্ষার্থীকে নিয়ম-শৃঙ্খলা, পারস্পরিক সম্মান এবং সৌহার্দ্য বজায় রেখে শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..