গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন মো. শহিদুল ইসলাম ও উত্তম চক্রবর্তী।এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৯৯ জন। মোট ভোট পড়েছে ২৮৪টি। মির্জা মেহেদী তমাল সভাপতি পদে ১৪৫ ভোট, সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ্ ১১৯ ভোট, শহিদুল ইসলাম রাজী যুগ্ম সম্পাদক পদে ১৪৭ ভোট, আমিনুল ইসলাম অর্থ সম্পাদক পদে ১৭৪ ভোট, নিহাল হাসনাইন সাংগঠনিক সম্পাদক পদে ১৫৬ ভোট এবং দপ্তর সম্পাদক পদে ইসমাঈল হোসেন ইমু ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।এ ছাড়া কার্যনির্বাহী সদস্য আবু হেনা রাসেল ২১৩ ভোট, আইয়ুব আনসারী ১৩৪ ভোট এবং মাহবুব আলম ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে সহসভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।