খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম : খুলনায় গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখ আবেদ আলীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে নগরীর কেসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শেখ আবেদ আলী কেসিসি মার্কেট এলাকায় চা পান করতে গেলে স্থানীয় কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাঁকে মারধর করে খুলনা সদর থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটক শেখ আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুকতাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা। তিনি গোপালগঞ্জের সাতুলিয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আসলাম আলী।
খুলনা সদর থানার ডিউটি অফিসার এসআই লাভলী জানান, স্থানীয় লোকজন সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবেদ আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কেসিসি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তাঁকে থানায় রাখা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।