খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম : খুলনার আড়ংঘাটা থানা এলাকায় যেন থামছেই না গুলির ঘটনা। ঘের ব্যবসায়ীসহ দুজন গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহের মাথায় এবার শলুয়া সুইস গেটসংলগ্ন পানুর চায়ের দোকান লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় প্রাণভয়ে দোকানে থাকা লোকজন নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। তাদের মুখে মাস্ক ও মাথায় হেলমেট থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তারা পানুর চায়ের দোকান লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এ সময় দোকানে থাকা লোকজন আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে পাশের নদীতে ঝাঁপ দেন। স্থানীয়দের দাবি, সুইস গেট পার হয়ে দুর্বৃত্তরা আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে আরও একটি গুলির সন্ধান পাওয়ার কথাও জানিয়েছেন তারা।
আড়ংঘাটা থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শলুয়া অবদার মাথায় সুইস গেটের পাশে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা পরপর তিন রাউন্ড গুলি করে। গেট পার হয়ে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো যাবে।
*একই এলাকায় সপ্তাহের ব্যবধানে ফের গুলি*
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর রাতে আড়ংঘাটা বাজার কেন্দ্রীয় মসজিদের পাশে দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলেমান (৫৫) ও ভ্যানচালক আব্দুল খালেক (৬৫) গুলিবিদ্ধ হন। দুর্বৃত্তদের ছোড়া গুলি সোলেমানের গলার পাশ দিয়ে এবং আব্দুল খালেকের হাতে লাগে। পরে তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
একই থানা এলাকায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে এমন অস্ত্রের ব্যবহার ও গুলিবর্ষণের ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।