দীর্ঘ ভ্রমণ বা ক্যাম্পিংয়ের সময় যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে এবার গাড়ির ভেতরেই টয়লেট স্থাপন করেছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সেরেস। তবে মজার কথা হচ্ছে ওই টয়লেটের পূর্ণ নিয়ন্ত্রণ করা যাবে ভয়েসের মাধ্যমে অর্থাৎ ‘ভয়েস কন্ট্রোলড টয়লেট’। খবর বিবিসি।
চীনের দক্ষিণ-পশ্চিমের শহর চংকিং-এ অবস্থিত এই প্রতিষ্ঠানের অভিনব এই প্রযুক্ত অনুযায়ী, টয়লেটটি যাত্রীর সিটের নিচে লুকানো থাকবে এবং প্রয়োজনে বাটন চেপে বা ভয়েস কমান্ডের মাধ্যমে বের হয়ে আসবে।
এ ছাড়া টয়লেটটিতে থাকছে বিশেষ ফ্যান ও এক্সহস্ট পাইপ, যা দুর্গন্ধ গাড়ির বাইরে বের করে দেবে। এ ছাড়া বর্জ্য জমা রাখার জন্য একটি ট্যাংক থাকছে, যা পরে ম্যানুয়ালি পরিষ্কার করতে হবে। এতে একটি ঘূর্ণায়মান হিটিং সিস্টেমও থাকছে, যা তরল বর্জ্য বাষ্পে পরিণত করবে এবং অন্যান্য বর্জ্য শুকিয়ে ফেলবে।
তবে এখনো পর্যন্ত এই সুবিধাসহ কোনো গাড়ি বাজারে আনার ঘোষণা দেয়নি নির্মাতা প্রতিষ্ঠান সেরেস।তাই এটি বাস্তবে উৎপাদনে আসবে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি প্রতিষ্ঠানটি।এদিকে, চীনের ইলেকট্রিক গাড়ির বাজারে প্রতিযোগিতা বাড়তে থাকায় কম্পানিগুলো গ্রাহকদের আকৃষ্ট করার জন্য নানা ফিচার যুক্ত করছে। ইতিমধ্যে অনেক গাড়িতে ম্যাসাজ সিট, কারাওকে সিস্টেম (যা গানের মূল কণ্ঠস্বর বাদ দিয়ে শুধু বাদ্যযন্ত্রের সুর বাজায়। এতে ব্যবহারকারী মাইক্রোফোনে গাইতে পারেন) ও ফ্রিজের মতো সুবিধা যুক্ত করা হয়েছে।
সেরেস এবং এর সহযোগী ব্র্যান্ড আইতো মূলত বৈদ্যুতিক এসইউভি গাড়ি তৈরি করে। তাদের বেশিরভাগ গাড়ি চীনের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হলেও ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাতেও এসব গাড়ির চাহিদা বাড়ছে।
বিশ্লেষকদের মতে, চীনের ইভি (ইলেকট্রিক গাড়ি) বাজারে তীব্র প্রতিযোগিতা ও দামের সমন্বয়ের কারণে অনেক প্রতিষ্ঠান আর্থিক চাপের রয়েছে। তবে এর মধ্যেও সেরেস ও বিওয়াইডি’র মতো কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যেই লাভজনক অবস্থানে পৌঁছেছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..