জুনে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতার শিকার ৩৩৩ জন, ধর্ষণই সর্বাধিক
Biswajit Shil
/ ৩১
ভিউ:
হালনাগাদ:
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
শেয়ার করুন:
চলতি বছরের জুন মাসে দেশে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় অন্তত ৩৩৩ জন নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১৭৭ জন কন্যাশিশু এবং ১৫৬ জন প্রাপ্তবয়স্ক নারী। মাসজুড়ে সবচেয়ে বেশি ঘটেছে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতার ঘটনা।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদের প্রকাশিত মাসিক পরিসংখ্যান অনুযায়ী, জুনে ১০০টি ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট ঘটনায় ৭২ জন কন্যাশিশু ও ২৮ জন নারী ধর্ষণের শিকার হন। এছাড়া ২৪ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার, যাদের মধ্যে ১২ জন কন্যাশিশু। ধর্ষণের পর সাত কন্যাশিশুকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের কারণে এক কন্যাশিশু আত্মহত্যা করেছে। ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৩৪ জনের, যার মধ্যে ৩১ জনই কন্যাশিশু।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, জুন মাসে ৫৪ জন নারী ও কন্যাশিশু নিহত, ৩৩ জনের রহস্যজনক মৃত্যু এবং ১২ জন আত্মহত্যা করেছেন। এছাড়া ৪৩ জন যৌন সহিংসতার, ১৯ জন শারীরিক নির্যাতনের, পাঁচজন পণ-সংক্রান্ত সহিংসতার, তিনজন এসিড ও অগ্নিদগ্ধের এবং দুজন নারী ও কন্যাশিশু পাচারের শিকার হয়েছেন।
বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়ন, দ্রুত বিচার নিশ্চিত করা এবং সামাজিক প্রতিরোধমূলক উদ্যোগ আরও জোরদার করা জরুরি।