ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। জেলেনস্কির সঙ্গে পুতিন ফোনে কথা বলবেন কি না, এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘এখন পর্যন্ত কেউ ফোন করেনি।এর আগে পুতিন জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের সম্ভাবনা নাকচ করেছিলেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘অবৈধ নেতা’ বলে অভিহিত করেন। পুতিনের দাবি, আগে থেকে অনুমোদিত কোনো চুক্তি চূড়ান্ত করার বিষয় থাকলেই কেবল তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে পারেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আরো বলেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন, এই তিন পক্ষের অংশগ্রহণে শান্তি আলোচনার প্রথম কয়েকটি পর্ব অনুষ্ঠিত হওয়া উচিত।
এর আগে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছিল, ন্যাটোর প্রতিরক্ষাব্যবস্থাকে দুর্বল করে এমন ছাড় আদায়ের লক্ষ্যে রাশিয়া চলতি মাসে আবুধাবিতে অনুষ্ঠেয় ত্রিপক্ষীয় আলোচনাকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে। তবে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বলেছেন, রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে চলমান আলোচনায় ইউরোপকেও যুক্ত করা উচিত। কারণ, কোনো শান্তিচুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ইউরোপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
তবে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, আলোচনায় ইউরোপীয় দেশগুলোকে যুক্ত করার বিষয়ে রাশিয়ার নিজস্ব কৌশল রয়েছে। দেশটি পরবর্তী দফার আলোচনাকে কাজে লাগিয়ে ন্যাটোর সম্প্রসারণের বিষয়ে ছাড় আদায়ের চেষ্টা করতে পারে। ন্যাটোর সম্প্রসারণকেই পুতিন ইউক্রেন যুদ্ধের অন্যতম ‘মূল কারণ’ হিসেবে উল্লেখ করেছেন।
পেন্টাগন ন্যাটোভুক্ত দেশগুলোকে রাশিয়ার হুমকি নিয়ে প্রকাশ্যে দেওয়া সতর্কবার্তার ভাষা কিছুটা নরম করার আহ্বান জানিয়েছে বলে জানা গেছে। বিশেষ করে লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়াকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর বক্তব্য কিছুটা কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে মস্কোর সঙ্গে উত্তেজনা না বাড়ে।
বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ন্যাটোর নেতাদের সতর্ক করা হয়েছে যে, রাশিয়ার নিন্দা জানিয়ে প্রকাশ্যে দেওয়া কঠোর বিবৃতি নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। পেন্টাগনের নীতিবিষয়ক প্রধান এলব্রিজ কোলবিসহ যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা দ্বিপক্ষীয় বৈঠকে এসব বার্তা দিয়েছেন। তবে ইউরোপের অন্য দেশগুলোর সরকারও একই ধরনের বার্তা পেয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
জানা গেছে, ইউরোপীয় নেতাদের কিছু বক্তব্যকে অপ্রয়োজনীয় কঠোর মন্তব্য হিসেবে উল্লেখ করেছেন পেন্টাগনের নীতিবিষয়ক প্রধান এলব্রিজ কোলবি। উদাহরণ হিসেবে তিনি রুশ নেতাকে ‘ইঁদুরের মতো কোণঠাসা’ করার মন্তব্যের কথা তুলে ধরেছেন। তার মতে, এ ধরনের বক্তব্য উত্তেজনা বাড়াতে পারে।
এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিশাল গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ইঁদুরের মতো কোণঠাসা’ করার মন্তব্য করেছিলেন। ইউক্রেনে যুদ্ধের পরিস্থিতির কারণে পুতিন ক্রমেই মরিয়া হয়ে উঠছেন—এমন ধারণা বোঝাতে তিনি এই শব্দগুচ্ছ ব্যবহার করেন। অন্য একটি বৈঠকে পেন্টাগনের কর্মকর্তারা এস্তোনিয়ার প্রতিনিধিদলকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংযত থাকার আহ্বান জানান।
এ বিষয়ে ইউরোপের এক কর্মকর্তা বলেন, ‘আমরা আপনাদের সহায়তা করছি। আমেরিকানরাও পাশে আছে। শুধু খুব বেশি কথা বলবেন না, অযথা হইচই করবেন না।’ তবে এসব অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন।
এক বিবৃতিতে তারা বলেছে, ‘মিত্রদেশগুলোর মধ্যে ব্যক্তিগতভাবে হওয়া আলোচনা একান্তই গোপনীয়। তাই এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না।’