বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে নেত্রকোণা জেলার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অভিভাবকসহ ৪৯ সদস্যের একটি প্রতিনিধিদল আজ জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের ভালোভাবে পড়ালেখা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে এবং বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। মেধা, যোগ্যতা ও সততার মাধ্যমে নেত্রকোণা তথা দেশের জন্য গৌরব বয়ে আনতে হবে।”
শিক্ষকদের উদ্দেশে ডেপুটি স্পীকার বলেন, “আপনারা শিক্ষার্থীদের মানুষ গড়ার কারিগর। তাই নিজ সন্তানের মতো স্নেহ-মমতা দিয়ে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হতে হবে। পড়ালেখার পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।”
শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শনে নিয়ে আসার জন্য বিদ্যালয়ের শিক্ষক, কর্তৃপক্ষ ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে ডেপুটি স্পীকার বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নাগরিক সচেতনতা ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে।
প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
সফরকালে প্রতিনিধিদলটি জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম অবলোকন করে এবং সাউথ প্লাজা, নর্থ প্লাজা, সংসদ লাইব্রেরিসহ জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ লক্ষ্য করা যায়। সফরটি শিক্ষার্থীদের জন্য একটি আনন্দঘন ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।
এই সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সংসদীয় গণতন্ত্র, আইন প্রণয়ন প্রক্রিয়া ও জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।