অভিযোগের তদন্ত শেষে শাস্তির মুখে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেন। অযোগ্যতা, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও পছন্দের শিক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে তাকে পাঁচ বছরের জন্য সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে সহযোগী অধ্যাপক পদ থেকে সহকারী অধ্যাপক পদে অবনতি করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৫৪৮তম সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।রেজিস্ট্রার বলেন, অযোগ্যতা, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ড. সুজন সেনকে পাঁচ বছরের জন্য সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পাশাপাশি তাকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন করা হয়েছে।তিনি জানান, আগামী পাঁচ বছর পর তিনি সহকারী অধ্যাপক হিসেবে কাজে যোগদানের যোগ্য হবেন। এরপর আরো চার বছর পর সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ কার্যত তাকে ৯ বছর পিছিয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া পাঁচ বছর তিনি কোনো ইনক্রিমেন্টও পাবেন না।এর আগে, অযোগ্যতা, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে গত বছরের ২৫ আগস্ট ড. সুজন সেনকে বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্র উপদেষ্টা ও বিভাগীয় সভাপতির কাছে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণসহ প্রায় ২০০ পৃষ্ঠার লিখিত অভিযোগ দেন তারা।
অভিযোগের পর ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত জরুরি সভায় ড. সুজন সেনকে বিভাগের সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে অভিযোগ তদন্তে ১৮ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্ত কমিটির প্রতিবেদনে তার আচরণ নৈতিক স্খলন হিসেবে প্রমাণিত হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট১৯৭৩-এর ৫৫(৩) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনকে আহ্বায়ক করে আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্য ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম-২ এবং ড. সুজন সেন মনোনীত একজন প্রতিনিধি।
গত ৯ মার্চ অনুষ্ঠিত রাবির ৫৩৭তম সিন্ডিকেট সভায় এসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ৫৪৮তম সিন্ডিকেট সভায় ড. সুজন সেনের বিরুদ্ধে পাঁচ বছরের অব্যাহতি ও পদ অবনতির সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ক্যাটাগরির আরো নিউজ..