ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপির হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার এই অস্ত্রোপচার করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হলেও তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে তিনি আগের তুলনায় কিছুটা সুস্থ বোধ করছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে হাঁটাচলাও শুরু করেছেন। তার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।
এদিকে আজ (শুক্রবার) ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে।