আব্দুল সামাদ টস জিতে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তার ব্যাটাররা ৩১৩ রানের বড় ইনিংস খেলে। তারপর শুষ্ক পিচে ম্যাচ যত এগিয়েছে, ততই বিপদে পড়েছে ভারতের দল। তাদের ব্যাটার তিলক ভার্মা চমৎকার ইনিংসও খেলেছেন, কিন্তু ম্যাচের নায়ক হাসান নওয়াজ। দারুণ ব্যাটিংয়ের পর বল হাতেও তিনি চমক দেখালেন। পাকিস্তান শাহিনস ৪৮ রানে হারাল ভারত ‘এ’ দলকে।
৪৩.৩ ওভারে স্কোরবোর্ডে ২৪১ রান রেখে ভাঙে তিলক ও শাহবাজের জুটি। তারপর আর বড় কোনো জুটি হয়নি। ২৬৫ রানে অলআউট হয় ভারত। এই হারের জন্য তাই অন্য প্রান্ত থেকে সমর্থনের অভাবকে দুষলেন অধিনায়ক তিলক, ‘অভিষেক যেভাবে খেলা শুরু করেছিল, যেভাবে আমার সঙ্গে শাহবাজ জুটি গড়েছিল, সেটা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন রানের গতি বাড়াতে চাইছিলাম, তখন শাহবাজ আউট হলো। নয়তো আমরা যদি আরও দুই ওভার বা আরেকটু বেশি থাকতে পারতাম, আমিই ম্যাচটা শেষ করে দিয়ে আসতাম।’
ম্যাচের মূল নায়ক নওয়াজ। ব্যাটিংয়ে নেমে ৮২ বলে ৭৮ রান করেন তিনি। তারপর বল হাতে ৪৫ রান দিয়ে নেন তিন উইকেট। আলী রাজাও তিন উইকেট পান। এছাড়া পাকিস্তানের বড় সংগ্রহে হাফ সেঞ্চুরি করেন মাজ সাদাকাত (৫৯) ও ফারহান ইউসুফ (৫৬)।