ডাল, ভাত, আটা, চিড়া কিংবা ওটস; শর্করা জাতীয় এইসব খাবারে যেমন কার্বোহাইড্রেট রয়েছে, তেমনই রয়েছে পরিমাণমতো ফাইবারও। আগে অনেকেই কার্বোহাইড্রেট মানেই খারাপ মনে করতেন। কিন্তু এখন সচেতন মানুষরা বোঝেন কোন খাবারে রয়েছে ‘সিম্পল কার্বোহাইড্রেট’ (অর্থাৎ ফাইবারহীন শর্করা), আর কোনটিতে রয়েছে উপকারী ফাইবার।ফলে তারা খাবার বেছে নিচ্ছেন বুঝে শুনে। চলুন, জেনে নিই ফাইবার কিভাবে স্বাস্থ্যরক্ষায় সাহায্য করে?
মৃত্যুর ঝুঁকি কমায়
গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ১০ গ্রাম বাড়তি ফাইবার খেলে মৃত্যুর ঝুঁকি প্রায় ১০% কমে যায়। একাধিক গবেষণার (মেটা-অ্যানালাইসিস) তথ্য বলছে, বেশি ফাইবার খাওয়া ব্যক্তিদের মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ১৯% পর্যন্ত কম।
রোগ প্রতিরোধে সহায়ক
ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর গবেষণা বলছে, ফাইবার হৃদরোগ, টাইপ ২ ডায়াবেটিস ও কোলন ক্যানসারের মতো কিছু মারাত্মক রোগের ঝুঁকি কমায়।ফলে এটি পরোক্ষভাবে জীবনকাল বাড়ায়।
হার্টের যত্নে
ফাইবার খারাপ কোলেস্টেরল কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায়।
রক্তে শর্করার নিয়ন্ত্রণ
ফাইবার ধীরে হজম হয় বলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়ে না।এতে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে, টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক হয়।
ওজন নিয়ন্ত্রণ
ফাইবারযুক্ত খাবারে পেট অনেকক্ষণ ভরা থাকে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। এতে শরীরে চর্বি জমা কমে, যা দীর্ঘমেয়াদে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।