ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “যিনি রক্ত চুষে ও রক্ত পান করে নির্মমভাবে দেশ পরিচালনা করেছেন, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর দোসরদের এ দেশে আর কোনো স্থান হবে না। জুলাইয়ের অভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ হাজারো শহীদের আত্মদান এবং রক্তের দাগ শুকায়নি। পরোক্ষ বা প্রত্যক্ষভাবে খুনিদের পুনর্বাসনের স্বপ্ন এ দেশের ছাত্র-জনতা কোনোদিনই বাস্তবায়ন হতে দেবে না।”
রোববার (৮ নভেম্বর) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী।
বক্তব্যের শুরুতেই রুহুল কবির রিজভী ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ পরাধীনতা ও বিদেশি প্রভাবযুক্ত পররাষ্ট্রনীতির শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছিল। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে এসে দেশকে একটি বহুদলীয় গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছিলেন এবং চৌকস ও পেশাদার সেনাবাহিনী গড়ে তুলেছিলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার বাবা যে বাকশালের প্রতিষ্ঠা করেছিলেন, তার চেয়েও অনেক বেশি ভয়ংকর ও নির্মম কায়দায় গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন হাসিনা নিজেই। সে সময়ে বিরোধী মতের ওপর সীমাহীন অত্যাচার, নির্যাতন চালানো হয়েছে এবং রক্ষীবাহিনীর মতো বাহিনীকে ব্যবহার করে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ভারতের সাথে আঁতাত করে এবং দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে তৎকালীন সরকার দেশকে অন্য দেশের ওপর নির্ভরশীল করে তুলেছিল বলে অভিযোগ করেন তিনি।
রিজভী আরও বলেন, তথাকথিত গণতন্ত্রের মোড়কে হাসানুল হক ইনুর মতো ব্যক্তিরা ক্ষমতার লোভে সবসময় ফ্যাসিবাদের দোসর হয়ে কাজ করেছে। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীদের ওপর শত নির্যাতন ও রক্তঝরার পরও সেই আন্দোলন বৃথা যায়নি। বরং তা তরুণ প্রজন্মকে প্রতিরোধ গড়ে তুলতে উদ্দীপ্ত করেছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, ১৮ কোটি মানুষের এই দেশকে কেউ আর আধিপত্যবাদের থাবায় বন্দি করতে পারবে না। পালিয়ে যাওয়া স্বৈরাচারী শক্তি বিদেশ থেকে যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলার মাটিতে তাদের খুনিদের কোনো জায়গা হবে না।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখার অন্যান্য নেতৃবৃন্দ দুই দিনব্যাপী আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।