ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে কনস্যুলার সেবাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব নীতির অংশ হিসেবে দূতাবাস কনস্যুলার সেবা সহজ ও কার্যকর করতে কাজ করছে।
তিনি বিশেষভাবে চলতি বছরের ৩ জুন থেকে চালু হওয়া অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা সম্পর্কে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তি ও অপপ্রচারের বিষয়টি উল্লেখ করে বলেন, এ ব্যবস্থা সেবাগ্রহীতাদের জন্য আরও স্বচ্ছ ও সহজ প্রক্রিয়া নিশ্চিত করবে। তিনি প্রবাসীদের অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার এবং দেশের ভাবমূর্তি রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অংশ নেওয়া প্রবাসীরা কনস্যুলার সেবা আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেন। তাদের পরামর্শের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত কয়েকটি বিশেষ উদ্যোগ ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, ফ্রান্স সরকারের বৈধতা-সংক্রান্ত আবেদনের জন্য যেসব বাংলাদেশি অভিবাসীরা ইতোমধ্যে ফরাসি প্রেফেকচুরের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের দ্রুত পাসপোর্ট সরবরাহের লক্ষ্যে আগামী ২৫ জুলাই, ৮ আগস্ট এবং ২২ আগস্ট শনিবার বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালিত হবে।
এসব দিনে বিনা অ্যাপয়েন্টমেন্টে সারাদিন পাসপোর্ট-সংক্রান্ত সেবা দেওয়া হবে।
এছাড়া ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য নতুন স্লট প্রকাশ করা হবে।
প্রতিদিনের মোট স্লটের অর্ধেক অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য বরাদ্দ থাকবে এবং বাকি অর্ধেক ১৫ মে-এর আগে ইমেইলের মাধ্যমে আবেদনকারীদের জন্য সংরক্ষিত থাকবে।
সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রদূতের এসব উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন পদক্ষেপের ফলে পাসপোর্টসহ বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণে প্রবাসীদের ভোগান্তি কমবে এবং দূতাবাসের সেবার প্রতি আস্থা আরও বাড়বে।
সভায় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, দ্বিতীয় সচিব কেএফএম. শারহাদ শাকিলসহ অন্যান্যরা।