প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। নেইল গান্ধী এর নেতৃত্বে বিট্রিশ প্রতিনিধিদলের সদস্য শাহনাজ করিম ও এশিয়া ফাউন্ডেশনের BSEA টিম লিডার সারা এল টেইলর বৈঠকে উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতের শুরুতেই উপদেষ্টা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ হিসেবে যুক্তরাজ্য সরকার ও জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।বৈঠকের ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্য শাহনাজ করিম বর্তমান আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা ও চ্যালেঞ্জগুলো জানতে চান।
বর্তমান প্রশাসনের চ্যালেঞ্জ সমুহ উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে রাজনীতিকীকরণ ও দুর্নীতি ব্যাপক বিস্তার লাভ করে। ফলশ্রুতিতে প্রশাসন তার গৌরব ও জৌলুস অনেকাংশে হারিয়ে ফেলে। তিনি আরো বলেন, বর্তমান সরকার মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এবং পর্যবেক্ষণ করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে তাদের কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করলে উপদেষ্টা বলেন, শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, কর্মকর্তাদের দক্ষতাবৃদ্ধিতে সরকারও যুক্তরাজ্যের সাথে কাজ করতে চায়। এ সময় উপদেষ্টা সরকারি কর্মকর্তাদের MATT ( Managing at The Top ) এর আদলে যুক্তরাজ্যে ট্রেনিংয়ের প্রস্তাব করলে এবং BPATC সহ আঞ্চলিক ট্রেনিং ইনস্টিটিউট গুলোর অধিকতর সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহায়তা চাইলে প্রতিনিধিদল ইতিবাচক আশ্বাস প্রদান করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর কর্যালয়ের গভার্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন ও পরিচালক মোঃ মনিরুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।