ইসলামে ইবাদতের মর্যাদা শুধু তার পরিমাণে নয়, বরং নিয়ত, পরিবেশ ও পদ্ধতির উপরও নির্ভরশীল। বিশেষত জামাআতের সাথে আদায়কৃত নামাজ ব্যক্তির ঈমান, শৃঙ্খলা ও সামাজিক বন্ধনের এক উজ্জ্বলতার প্রমান বহন করে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জামাআতের প্রতি আগ্রহী করতে এর ফজিলত ও অতুলনীয় প্রতিদানের কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন। এ প্রসঙ্গে আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ হাদিসে তিনি বলেন—
صَلاَةُ الرَّجُلِ فِي الْجَمَاعَةِ تُضَعَّفُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ وَفِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ ضِعْفًا وَذَلِكَ أَنَّهُ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ خَرَجَ إِلَى الْمَسْجِدِ لاَ يُخْرِجُهُ إِلاَّ الصَّلاَةُ لَمْ يَخْطُ خَطْوَةً إِلاَّ رُفِعَتْ لَهُ بِهَا دَرَجَةٌ وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ فَإِذَا صَلَّى لَمْ تَزَلْ الْمَلَائِكَةُ تُصَلِّي عَلَيْهِ مَا دَامَ فِي مُصَلاَّهُ اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ اللَّهُمَّ ارْحَمْهُ وَلاَ يَزَالُ أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَا انْتَظَرَ الصَّلاَةَ.
‘কোনো ব্যক্তির জামা‘আতের সাথে সালাতের সওয়াব, তার নিজের ঘরে ও বাজারে আদায়কৃত সালাতের সওয়াবের চেয়ে পঁচিশ গুণ বাড়িয়ে দেয়া হয়।
এর কারণ এই যে, সে যখন উত্তমরূপে অজু করলো, অতঃপর একমাত্র নামাজের উদ্দেশে মসজিদে রওয়ানা করল তখন তার প্রতি কদমের বিনিময়ে একটি মর্তবা বৃদ্ধি করা হয় এবং একটি গুনাহ মাফ করা হয়। নামাজ আদায়ের পর সে যতক্ষণ নিজ নামাজের স্থানে থাকে, ফিরিশতাগণ তার জন্য এ বলে দোয়া করতে থাকেন যে,- ‘হে আল্লাহ! আপনি তার উপর রহমত বর্ষণ করুন এবং তার প্রতি অনুগ্রহ করুন।’ আর তোমাদের কেউ যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকে ততক্ষণ পর্যন্ত সে নামাজে রত বলে গণ্য হয়। (বুখারি, হাদিস : ৬৪৭)
মহান আল্লাহ আমাদের সকলকে যথা সময়ে মসজিদে উপস্থিত হয়ে জামাতের সহিত নামাজ আদায় করার তাওফিক দান করুন।
এ ক্যাটাগরির আরো নিউজ..