লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থীর উঠান-বৈঠকে বাধা প্রদান ও হট্টগোলের অভিযোগ ওঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান শান্তা’র বিরুদ্ধে। এতে স্থানীয়ভাবে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।
জানা যায়, রবিবার সকালে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের দক্ষিণ দেহলা মজুমদার বাড়িতে উঠান-বৈঠকের আয়োজন করেন স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা। নির্ধারিত সময়ে সংগঠনটির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে এ সময় ওই বিএনপি নেতা হট্টগোলের চেষ্টা চালায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার ধারণকৃত ভিডিওতে অভিযুক্ত মাহফুজুর রহমান শান্তা কর্তৃক উত্তেজিত অবস্থায় উপস্থিত জামায়াতের কর্মী-সমর্থকদের গালমন্দ এবং বিবাদে জড়ানোর হুমকি দিতে শোনা গেছে। এ সময় স্থানীয়রা অভিযুক্ত মাহফুজুর রহমান শান্তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
এ বিষয়ে স্থানীয় জামায়াত ইসলামীর দায়িত্বশীল নেতা মাওলানা আবু সালেহ প্রতিবেদককে জানান, সকাল ৯ টায় বৈঠক চলাকালে হঠাৎ বাধা সৃষ্টি হলে কর্মসূচির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দেয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
উঠান-বৈঠকে বাধা দেয়ার বিষয়ে মাহফুজুর রহমান শান্তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ ঘটনার নিন্দা জানিয়ে লক্ষীপুর–১ (রামগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী প্রতিবেদককে বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে জনগণের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। আমরা সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে বিশ্বাস করি। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
/জি এম টি