দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে সরকার বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, বিনামূল্যে বই ও পোশাকসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।
শনিবার (৩রা অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদে শিক্ষার মানোন্নয়নে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
নিজের সময়ের প্রাথমিক শিক্ষার পরিবেশের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে তিনি বলেন, আগে অনেক বিদ্যালয়ে পর্যাপ্ত চেয়ার-বেঞ্চ ও উপযুক্ত অবকাঠামো ছিল না। বর্তমানে বিদ্যালয়ের পরিবেশ ও সুযোগ-সুবিধায় পরিবর্তন এসেছে। শিশুদের বেড়ে ওঠায় পরিবারের ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মায়েরা স্নেহ ও ভালোবাসা দিয়ে সন্তানদের বড়ো করে তোলেন। শিশুদের দেখাশোনা, অসৎ সঙ্গ থেকে দূরে রাখা এবং পড়াশোনায় সম্পৃক্ত রাখার ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব রয়েছে।’
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতির ওপর গুরুত্ব দিয়ে তিনি একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সেখানে পাঁচ-ছয়জন শিক্ষক থাকলেও শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ জন। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।
কারিগরি শিক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, আগামী বছর কারিগরি শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষার সুযোগ চালুর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে, যা তাদের কর্মজীবনে সহায়ক হবে।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।