রাজবাড়ী
রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি, পরে সদর উপজেলা পরিষদ সংলগ্ন ৭১-এর বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পন করে শহিদদের প্রতি সম্মান জানানো হয়। পরে সকাল ৯টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামন।
নিয়ামতপুর (নওগাঁ)
নিয়ামতপুরে ভোর ৬টা ৩মিনিটে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর নিয়ামতপুর বহুমুখী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পন করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, চিত্রাঙ্গণ, রচনা প্রতিযোগিতা, দোয়া মোনাজাত ও আলোচনাসভা।
মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ঘাটাইল (টাঙ্গাইল)
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান সূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান।
হিলি (দিনাজপুর)
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার অসিম মারাক ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার রোহিত শর্মার হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান।