নিহত উৎপল সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে।স্থানীয় সূত্রমতে, ভোরে কালীতলা ব্রিজের কাছে একটি রক্তাক্ত লাশ দেখতে পান তারা। একই সঙ্গে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বাঁধা অবস্থায় আহত ভ্যানচালক ফিরোজ মোল্যাকে উদ্ধার করেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়।নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতোই শুক্রবার ভোরে উৎপল সরকার প্রতিবেশী ফিরোজ মোল্যার অটোভ্যানে করে গোপালগঞ্জের মুকসুদপুরে মাছের আড়তে যাচ্ছিলেন।কিছুক্ষণ পরে তারা খবর পান যে সালথার কালীতলা ব্রিজ এলাকায় উৎপলের লাশ পড়ে আছে।ভ্যানচালক ফিরোজ মোল্যা জানান, ব্রিজ এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে ৩-৪ জন ডাকাত তাদের পথরোধ করে। দেশীয় অস্ত্রের মুখে তাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ে বেঁধে ফেলে। এরপর উৎপলের কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ডাকাতরা।ফিরোজ বলেন, ‘সবকিছু এত দ্রুত ঘটেছে যে উৎপল ভাইকে বাঁচানোর কোনো সুযোগই পাইনি।’সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল জানান, উৎপল সরকারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি ডাকাতির সময় সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।