স্পেনের সিউটা অঞ্চলে অনিয়ন্ত্রিত অভিবাসীদের আকস্মিক আগমনকে যুক্তরাষ্ট্রের জন্য একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে তার রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
মরক্কোর উপকূলে অবস্থিত স্পেনের নিয়ন্ত্রণাধীন ক্ষুদ্র ভূখণ্ড সিউটার বর্তমান পরিস্থিতির সঙ্গে নিজেদের কঠোর অভিবাসন নীতির তুলনা টেনেছে হোয়াইট হাউস।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক জনমত জরিপে সমর্থন কমতে থাকায় এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকানরা অভিবাসন ইস্যুটিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিউটার ভিডিও শেয়ার করে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এই ঘটনা চরম বামপন্থী বিশ্বায়নবাদী নীতিরই ব্যর্থতা। অন্যদিকে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার দাবি করেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে বহিরাগতরা আমেরিকানদের ঘরবাড়ি দখল করে নেবে। সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্পেনের এই সংকটকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করছেন মার্কিন রিপাবলিকান নেতারা।