খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান বন্ধ এবং উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শত শত হকার। এ সময় সড়কে অবস্থান নেওয়ায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা নগর ভবনের সামনে এ ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নেতাকর্মী ও বিভিন্ন এলাকার হকাররা।
বিক্ষোভকারীরা জানান, গত কয়েক সপ্তাহ ধরে নগরীর ডাকবাংলা, খালিশপুর, দৌলতপুর ও নিরালাসহ বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে ক্ষুদ্র পুঁজি নিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা অসংখ্য হকার কর্মহীন হয়ে পড়েছেন। তাঁদের দাবি, উচ্ছেদের সময় প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে সাময়িক ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও পরবর্তী সময়ে আগের মতো ব্যবসা করার সুযোগ দেওয়া হয়নি।
বিক্ষোভ চলাকালে হকাররা সড়কে বসে পড়লে কেডি ঘোষ রোডের ডিসি অফিস থেকে সোসাইটি সিনেমা হল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের দুর্ভোগে পড়তে হয়।
হকার নেতারা বলেন, তাঁদের অনেকের পরিবারের জীবিকা সম্পূর্ণভাবে ফুটপাতের ছোট ব্যবসার ওপর নির্ভরশীল। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে এসব পরিবার চরম আর্থিক সংকটে পড়বে। তাঁরা উচ্ছেদের নামে মালামাল নষ্ট বা লুটপাট বন্ধ এবং হকারদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান।
তাঁদের দাবির মধ্যে রয়েছে—খালিশপুর, দৌলতপুর, ডাকবাংলাসহ বিভিন্ন এলাকায় আগের মতো ব্যবসার সুযোগ দেওয়া, অযৌক্তিক উচ্ছেদ বন্ধ করা এবং হকারদের জন্য নির্দিষ্ট ব্যবসার স্থান বরাদ্দ দেওয়া।
কর্মসূচি শেষে খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর কাছে দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন।
হকার্স ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও নগর কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান বাবু জানান, দাবি বাস্তবায়ন না হলে নগর ভবনের সামনে লাগাতার অবস্থান ও ভুখা মিছিলের মতো কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
এদিকে, স্মারকলিপি গ্রহণ করে সিটি করপোরেশনের প্রশাসক দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ অক্টোবর খুলনা সিটি করপোরেশন উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের পরিকল্পনা তৈরিতে ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। নগরীর পাঁচটি থানা এলাকায় উন্মুক্ত জায়গা অথবা যান চলাচল কম এমন সড়কে তাঁদের পুনর্বাসনের সম্ভাবনা যাচাই করার দায়িত্ব দেওয়া হয় কমিটিকে।