সময়ের মর্যাদা আমলের মর্যাদা বাড়ায়
ইসলামের একটি মৌলিক নীতি হলো সময় ও স্থানের মর্যাদা অনুযায়ী আমলের মূল্য বৃদ্ধি পায়।রমজান এমন এক মাস, যার সম্পর্কে আল্লাহ বলেন, ‘রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী।’ (সুরা : আল-বাকারাহ, আয়াত : ১৮৫)
যখন একটি সময় নিজেই বরকতপূর্ণ হয়ে ওঠে, তখন সেই সময়ে সম্পাদিত ইবাদতও বিশেষ মর্যাদা লাভ করে। আর ওমরাহ এমন একটি ইবাদত, যা শরীর, অর্থ, সময় ও হৃদয়ের একসঙ্গে নিবেদন দাবি করে। তাই রমজানের পবিত্র সময় এবং হারামাইনের পবিত্র স্থান—এই দুই মর্যাদা একত্র হলে তার সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়।
রমজান নিজেই গুনাহ মাফের মাস। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়।’ (বুখারি, হাদিস : ৩৮)
অতএব, যখন রমজানের মাগফিরাত এবং ওমরাহর কাফফারার ফজিলত একত্র হয়, তখন এটি মুমিনের জন্য আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ হয়ে ওঠে।
অন্তরের পরিবর্তন ও তাকওয়ার বিকাশ
রমজানের মূল লক্ষ্য তাকওয়া অর্জন। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১৮৩)
মক্কা ও মদিনার পবিত্র পরিবেশে রোজা, তারাবি, কোরআন তিলাওয়াত এবং কাবা শরিফের সামনে ইবাদত—এসব একজন মানুষের অন্তরে গভীর পরিবর্তন আনে। ইবনে রজব আল-হাম্বলি (রহ.) উল্লেখ করেছেন, ‘পবিত্র স্থান ও পবিত্র সময় একত্র হলে ইবাদতের প্রভাব অন্তরে অধিক গভীরভাবে প্রতিফলিত হয়।’ (ইবনু রজব, লাতায়িফুল মা‘আরিফ, পৃষ্ঠা-২৮০)
নবীজির বিশেষ উৎসাহ
হাদিসে বর্ণিত উম্মে সিনান (রা.)-এর ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তিনি সামর্থ্যের অভাবে হজে যেতে না পারায় নবীজি (সা.) তাঁকে রমজানে ওমরাহর সুসংবাদ দেন। আলেমরা বলেন, এটি উম্মতের জন্য একটি বড় সান্ত্বনা। যে ব্যক্তি কোনো কারণে হজে যেতে না পারেন, তিনি রমজানে ওমরাহর মাধ্যমে বিশাল সওয়াব অর্জনের সুযোগ পেতে পারেন। (ইবনে হাজার আসকালানি, ফাতহুল বারি, ৩/৬০৫)
এক সফরে বহু প্রাপ্তি
রমজানের ওমরাহ শুধু একটি ইবাদত নয়, এটি আত্মার পুনর্জাগরণের এক সফর। এটি মানুষকে দুনিয়ার ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন করে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। সেখানে ইখলাস বাড়ে, দোয়া কবুলের আশা জাগে, গুনাহের জন্য অনুতাপ জন্মায় এবং নতুন জীবনের প্রেরণা তৈরি হয়।
কাজেই যাদের সামর্থ্য আছে, তাদের জন্য এটি জীবনের এক বিরল সুযোগ। কারণ এমন সময়, এমন স্থান এবং এমন ইবাদতের সমন্বয় সারা বছর থাকে না। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র মাসে এই মহান সওয়াবের অংশীদার হওয়ার তাওফিক দান করুন।