রোজাদারদের জন্য জান্নাতের বিশেষ দরজার কথা রাসুলুল্লাহ (সা.) অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করেছেন।সাহল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, জান্নাতে ‘রাইয়্যান’ নামক একটি দরজা আছে। কিয়ামতের দিন রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না। বলা হবে, রোজাদাররা কোথায়? তখন তারা দাঁড়াবে।
ইবনে হাজর আল-আসকালানী (রহ.) লিখেছেন, জান্নাতের প্রতিটি দরজা একটি বিশেষ আমলের সঙ্গে সম্পর্কিত।‘রাইয়্যান’ দরজা রোজার মর্যাদা ও এর বিশেষত্বের প্রমাণ। এটি বোঝায় যে সিয়াম এমন একটি ইবাদত, যার প্রতিদান আল্লাহ বিশেষভাবে সংরক্ষণ করে রেখেছেন। (ফাতহুল বারী : ৪/১১১)
উলামায়ে কেরাম বলেন, অন্যান্য ইবাদত মানুষের সামনে প্রকাশিত হয়, কিন্তু রোজা একটি গোপন ইবাদত। মানুষ খাওয়া বা পান করা থেকে বিরত থাকে শুধু আল্লাহর ভয়ে। এই একান্ত ইখলাস বা আন্তরিকতার কারণেই রোজার প্রতিদান এত বড়।
পবিত্র কোরআন ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীন বলে ঘোষণা দিয়েছে। বলা হয়েছে, ‘নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান পরিমাপ ছাড়া দেওয়া হবে।’ (সুরা : জুমার, আয়াত : ১০)
ইমাম কুরতুবী (রহ.) বলেন, রোজা ধৈর্যের সর্বোচ্চ রূপ। কারণ এতে খাদ্য, পানীয় এবং প্রবৃত্তি—সবকিছু নিয়ন্ত্রণ করতে হয়। তাই রোজাদাররা এই আয়াতের বিশেষ অন্তর্ভুক্ত। (তাফসির কুরতুবী)
রাইয়্যান দরজার হাদিসে কিয়ামতের দিনের একটি সম্মানজনক দৃশ্য ফুটে ওঠে। অসংখ্য মানুষের ভিড়ে ঘোষণা দেওয়া হবে, ‘রোজাদাররা কোথায়?’ এটি শুধু জান্নাতে প্রবেশের সুযোগ নয়, বরং সম্মান ও পরিচয়ের এক বিশেষ মুহূর্ত। ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন, কিয়ামতের দিন মানুষ তাদের আমলের ভিত্তিতেই পরিচিত হবে, আর রোজাদারদের এই বিশেষ আহবান তাদের মর্যাদারই প্রকাশ। (হাদিউল আরওয়াহ)
তবে এই মর্যাদা অর্জনের জন্য শুধু আনুষ্ঠানিক রোজা যথেষ্ট নয়। রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেন, ‘অনেক রোজাদার আছে, যারা তাদের রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া কিছুই পায় না।’ (ইবনে মাজাহ, হাদিস : ১৬৯০)
অতএব, রোজা হতে হবে গুনাহ থেকে বিরত থাকার, চরিত্র সংশোধনের এবং তাকওয়া অর্জনের মাধ্যম। মিথ্যা, গিবত, অন্যায় ও অশ্লীলতা থেকে নিজেকে বাঁচাতে না পারলে রোজার প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না।
রোজা শুধু একটি ইবাদত নয়, এটি আত্মশুদ্ধির এক পূর্ণাঙ্গ প্রশিক্ষণ। এটি মানুষকে ধৈর্য, সংযম, সহানুভূতি এবং আল্লাহর প্রতি নির্ভরতার শিক্ষা দেয়। যে ব্যক্তি এই ইবাদতকে আন্তরিকতার সঙ্গে পালন করে, তার জন্য আখিরাতে অপেক্ষা করছে এক বিশেষ সম্মান, জান্নাতের দরজা ‘রাইয়্যান’।
রমজান আমাদের সামনে সেই সুযোগ এনে দিয়েছে। আমরা যদি যথাযথ হক আদায় করে রোজা রাখতে পারি তাহলে কিয়ামতের দিন যখন আহ্বান করা হবে, ‘রোজাদাররা কোথায়?’ তখন সেই সৌভাগ্যবানদের কাতারে আমরাও দাঁড়াতে পারব ইনশাআল্লাহ। মাহন আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন।